দ্বিতীয় বর্ষ: কুল্লিয়াতে তিব্ব, উমূরে তাবীইয়্যাহ বা প্রাকৃতিক বিষয় সমূহ।
অ্যাসাইনমেন্ট ১ম সপ্তাহ ২য় বর্ষ কুল্লিয়াতে তিব্ব
১। উমূরে তাবীইয়্যাহ বা প্রাকৃতিক বিষয় সমূহ (Matter of physis nature) এর পরিচিতি, সংজ্ঞা ও গুরুত্ব । উমূরে তবীইয়্যাহ্ অর্থ প্রাকৃতিক বিষয় সমূহ । আরবী আমরুন শব্দের বহুবচন উমূর। অর্থ - বিষয় সমূহ (Matters) । তাবীআত শব্দের বহুবচন তবীইয়্যাহ্ । অর্থ - প্রাকৃতিক, প্রকৃতি বা স্বভাবিক (Natural) । এখানে তাবীআত বলতে তাবীআতে মুদাব্বিরা লিল-বদন তথা দেহের পরিশোধক প্রকৃতি বা তালিকা শক্তি। যেহেতু চিকিৎসা বিজ্ঞানের মূললক্ষ্য- বিদ্যমান স্বাস্থ্যকে রক্ষা করা রোগাক্রান্ত হতে না দেয়া এবং রোগ হলে প্রতিকার করা ; তথা মানব দেহের সুস্থতা ৷ সেহেতু এর প্রাকৃতিক গঠন উপাদান, গঠন-প্রকৃতি, ক্রিয়া-পদ্ধতি সম্পর্কে সম্যক অবগতি ব্যতীত কোনভাবেই এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। অতএব প্রত্যেক চিকিৎসককে এ সম্পর্কিত যে সকল বিষয় গুলো প্রথমে জানা আবশ্যক সে বিষয়গুলোকে উমূরে তাবীইয়্যাহ্ বা প্রাকৃতিক বিষয়সমূহ বলে। মানব দেহের গঠন উপাদান থেকে শুরু করে একজন মানুষের মৃত্যু পর্যন্ত যে বিষয় গুলো অত্যাবশ্যক অর্থাৎ যার কোন একটি অনুপস্থিত থাকলে বা পরিত্যাগ করলে মানবদেহ সম্পূর্ণ হয়না, সে বিষয়গুলো-ই উমূরে তাবীইয়্যাহ্ বা প্রাকৃতিক বিষয় (Matter of physis nature) । এ বিষয়সমূহ বিজ্ঞানীগণ দীর্ঘ সময় ধরে অনুসন্ধনের ভিত্তিতে নিশ্চিত হয়েছেন ৷ এ গুলো সাতটি - ১. আরকান বা মৌলিক উপাদান (Elements) । আরবী রুকন শব্দের বহুবচন আরকান । দেহ গঠনের মৌলিক উপাদান বা গঠন ভিত্তি, বুনিয়াদ ৷ ইহাকে আনাসীর ও বলে ৷ কোন বস্তুর গঠনে যে মূল পদার্থ প্রাথমিক মৌলিক উপকরণ হিসাবে ভূমিকা রাখে তাকে রুকন বা উনসুর বলে। আরকান হচ্ছে মানব দেহ গঠনের প্রাথমিক উপাদান বা বুনিয়াদ ৷ ইহা জিস্মে বাসীত বা অবিভাজীয় এমন অংশ, যাহতে প্রাথমিক উপাদানের ধর্মীয় বৈশিষ্ট বিদ্যমান থাকে ৷ এ গুলোকে আজযাউল আউয়ালিয়া বা প্রাথমিক উপাদানও বলে ৷ বিজ্ঞানীগণের দীর্ঘ গবেষণার পর দেখা যায় যে, এগুলো চারটি ৷ ১. নার বা আগুন (Fire) ৷ ২. হাওয়া বায়ু (Air) ৷ ৩. মা বা পানি (Water) ৷ ৪. আরদ্ বা মাটি (Earth) ৷ আমরা আমাদের চারপাশে যে আগুন, পানি, মাটি, বায়ু দেখি তা এখানে উদ্দেশ্য নয় ; এখানে আগুন দ্বারা দেহের তাপ , পানি দ্বারা দেহের জলীয় অংশ , মাটি দ্বারা স্থুল অংশ এবং বায়ু দ্বারা বায়ুবীয় অংশ ও প্রানকে বুঝানো হয়েছে ৷ মানব দেহের গঠন ভিত্তি-ই সুস্থতা এব্ং অসুস্থতার মূল। কারণ গঠন ভিত্তি বা মূল উপাদানের সংমিশ্রনের ফলে তৈরীর হয় মিযাজ ও অন্যান্য বিষয়। গঠন ভিত্তি বা মূল উপাদান তথা আরকান ব্যতীত মানবদেহের অস্তিত্ব কাল্পনিক। অতএব মানবদেহে গঠনে আরকান অত্যাবশ্যক। ২. মিযাজ বা প্রকৃতি (Temperament) । মিযাজ শব্দের আভিধানিক অর্থ মিশ্রন বা সংমিশ্রন। আরকান বা বুনিয়াদী উপাদান সমূহে বিদ্যমান বিভক্ত বিপরীতধর্মী ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ইমতিযাজ বা পারস্পরিক সংমিশ্রন কালীন উলফাতুল কিমইয়া বা রাসায়নিক আকর্ষন এবং নাফরতুল কিমইয়া বা রাসায়নিক বিকর্ষন এর ফলে সৃষ্ট নুতন যৌগের স্বভাবিক বৈশিষ্টকে মিযাজ (Temperament) বা প্রকৃতি ,স্বভাব বলে৷ প্রকৃত পক্ষে মিযাজ দেহের রাসায়নিক অবস্থার প্রতিচ্ছবি। এজন্য ইউনানী চিকিৎসা বিজ্ঞানে মিযাজ তত্ত্ব অতীব গুরুত্বপূর্ণ। ৩. আখলাত বা ধাতুরস (Humours) । আরবী খিলত শব্দের বহুবচন আখলাত। অর্থ মিশ্রণ বা মিশ্রিত বস্তু। মানব দেহে রক্ত শ্লেষ্মা , পিত্ত ও অম্ল একত্রে মিশ্রিত থাকায় মানব দেহের রস পদার্থকে আখলাত বলে। এ জন্য এর বাংলা করা হয় দেহরস বা ধাতুরস। মানবদেহের রতব বা আর্দ্র ও সাইয়াল বা প্রবাহমান বস্তুকে আখলাত বা ধাতুরস বলে। কোন কোন চিকিৎসা বিজ্ঞানী এর সাথে বেষ্টিত গুনটিও যোগ করেছেন। মানবদেহের এ জাতীয় রস পদার্থকে রংয়ের ভিন্নতার দিক বিবেচনায় চার ভাগে ভাগ করা হয়েছে । লাল রংয়ের খিলত বা ধাতুরস কে দাম বা রক্ত، সাদা (সচ্চ) রংয়ের ধাতুরস কে বলগম বা শ্লেষ্মা ، যর্দি ( লাল মিশ্রিত হলুদ ) রংয়ের ধাতুরস কে সফরা বা পিত্ত এবং কালো রংয়ের ধাতুরস কে সাওদা বা অম্ল নামে অভিহিত করা হয় । উল্লেখ্য যে এ ধাতুরস তত্ত্বের উপর-ই ইউনানী চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি প্রতিষ্ঠিত। ৪. আযা বা অঙ্গ প্রতঙ্গ (Organs) । আরবী উয্উন শব্দের বহুবচন আযা । অর্থ অঙ্গ প্রতঙ্গ (Organs) । উৎকৃষ্ট ও নির্দোষ আখলাতের মিশ্রণ ও সংযোজনের ফলে দেহের মে মে অংশ প্রাথমিক ভাবে সৃষ্টি হয় তাকে আযা বা অঙ্গ-প্রতঙ্গ (Organs) বলা হয়। মানবদেহের অঙ্গ প্রতঙ্গ গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ১. আযায়ে মুফরাদাহ্ বা একক অঙ্গ সমূহ (Simple Organs)। যেমন - কোষ এবং কলা ( Cell and tissues)। ২. আযায়ে মুরাক্কাবাহ্ বা যৌগিক অঙ্গ সমূহ (Compound Organs)। যেমন - মাংস পেশী, চোখ ইত্যাদি। ৫. আরওয়াহ্ বা প্রানবায়ু (Pneuma) । আরবী রূহ্ শব্দের বহুবচন আরওয়াহ্। উৎকৃষ্ট ও নির্দোষ আখলাতের অতিলঘু সারাংশ হতে সৃষ্ট বাষ্প জাতীয় পদার্থ হচ্ছে রূহ্ (Pneuma) বা জীবনীশক্তি তথা প্রানবায়ু । ইহা দেহ সঞ্চালনের ভিত্তি । ৬. কুওয়া বা শক্তি (Powers) । আরবী কুওয়াত শব্দের বহুবচন কুওয়া। আরওয়াহ্ এর সঞ্চালন ক্ষমতা হচ্ছে কুওয়া বা শক্তি ৷ মানবদেহের আফআল বা ক্রিয়াসমূহ সম্পাদিত হওয়ার পশ্চাতে যে শক্তি বা ক্ষমতা কাজ করে সে গুলোকে কুওয়া (Powers) বা শক্তি বলে। ৭. আফ্আল বা ক্রিয়াসমূহ (Functions) । আরবী ফে'ল শব্দের বহুবচন আফ্আল।কুওয়া এর প্রয়োগিক রুপ হচ্ছে আফ্আল বা ক্রিয়াসমূহ (Functions) । দেহের বিভিন্ন কুওয়া বা শক্তি (Powers) দ্বারা মে সকল ক্রিয়া সম্পাদিত হয় সে গুলোকে আফ্আল বা ক্রিয়াসমূহ (Functions) বলে।

No comments